ভক্তগণ বন্দনা
জাগ্রত চেতনা: দেখি, শুনি, পড়ি, জানি – মননে-বচনে-কর্মে সমাজ জাগরণ
ভক্তগণ বন্দনা
নমঃ নমঃ হীরামন ভক্ত চুড়ামনী।
নিজগুণে দাও তব চরণ দুখানী।।
নমঃ শ্রীগোলকচন্দ্র পাগল গোঁসাই।
চরণেতে কোটি কোটি প্রণাম জানাই।
নমঃ নমঃ শ্রীলোচন বড় দয়াময়।
দয়া করে অধমেরে রাখ রাঙ্গা পায়।।
নমঃ নমঃ মৃত্যুঞ্জয় সাধু শিরমণি।
নমঃ নমঃ মহানন্দ প্রেম রসখনি।।
নমঃ শ্রীতারক চন্দ্র কবি চূড়ামণি।
দন্তে তৃণ ধরি বন্দী চরণ দু’খানি।।
তোমার কৃপাতে পাই অমূল্য রতন।
লীলামৃত গ্রন্থখানি সুধার মতন।।
নমঃ নমঃ দশরথ পদ্মবিলাবাসী।
ঠাকুরের নামে প্রেমে হইল উদাসী।।
নমঃ নমঃ শ্রী অশ্বিনী প্রেমের মুরতী।
যাহার কৃপাতে পাই হরিচাঁদ গীতি।।
নমঃ নমঃ হরিপাল মহিমা প্রচুর।
গহন বাদার মধ্যে দেখিল ঠাকুর।।
নমঃ শ্রীগোপাল সাধু কি মধু পাইয়া।
দক্ষিণ দেশে মাতাল হরিনাম দিয়া।।
নমঃ নাটু নমঃ ব্রজ নমঃ বিশ্বনাথ।
দিবা নিশি থাকিতেন ঠাকুরের সাথ।।
উদ্দেশ্য বন্দিনু আমি যত ভক্তগণে।
অগণিত ভক্তবৃন্দ আছে যে খানে।।
অধম বিনোদ বলে ভক্তগণে বলি।
কৃপা করে অধমেরে দিও পদধূলি।।