নিতাইরে ওরে ভাই নিতাই চল যাই
জাগ্রত চেতনা: দেখি, শুনি, পড়ি, জানি – মননে-বচনে-কর্মে সমাজ জাগরণ
নিতাইরে ওরে ভাই নিতাই চল যাই
৬৫ নং গানঃ তাল-একতালা
(শ্রীগৌরাঙ্গের আক্ষেপোক্তি)
নিতাইরে ওরে ভাই নিতাই চল যাই
ব্রজ বলে প্রাণ কাঁদেরে গুণের ভাই
কই মোর শ্রীদাম সখা! সই বিশখা রে, কোথা বিধুমুখী রাই।
কই রে আমার মনচোরা, কই রে আমার পীতধড়া,
খুড়া উপানন্দ পিতা নন্দ, কোথা যশোমতি মাই।
কোথা দাম বসুদাম সুদাম, কোথা রে, দাদা বলরাম,
নিতাই! কই কমলী, কই শ্যামলী, কোথা মোর ধবলী গাই।
কোথা সে চম্পক লতা, রঙ্গিণী সুচিত্রে কোথা,
পারি নে চলিতে কই ললিতে (বুঝি) কেউ আমার বলিতে নাই।
তাল-যৎ
বেধে প্রণয় ফাঁদে, পরাণ কাঁদে, প্রবোধ মানে না।
কেন ছলনা চল না দেখতে ব্রজ ললনা।
কোথা মধুবন, কোথা নিধুবন,
আমি বিধুমুখীর কুঞ্জবনে বুঝি গেলাম না।
আমার বন্ধু নাই, আমার বান্ধব নাই,
আমার আত্মা নাই বিনে রাই ব্রজঙ্গনা।
প্রাণেশ্বরী বিনে, কাঁদি নিশিদিনে,
আমার মনের দুঃখ মনে জানে, অন্যে জানে না।
মিল তাল-একতালা
নয়ন জলে জীবন জ্বলে, মহানন্দ ডেকে বলে,
রাধার চরণ পদ্ম দুরারাধ্য, তা বিনে নাই হরির গতি।